

আজিজুল ইসলাম, শার্শা, যশোরঃ যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ৪৩ হাজার টাকার জাল নোটসহ হাসানুজ্জামান (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান। আটক হাসানুজ্জামান শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের জানিক গাজীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, রোববার রাতে ২১ বিজিবির অধীনস্থ কায়বা বিওপি’র একটি টহল দল রুদ্রপুর সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে হাসানুজ্জামানকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের মোট ৮৬টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট অংক ৪৩ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় জাল নোট, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্তকারী এ ধরনের অপরাধ দমনে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, আটককৃত যুবককে জব্দকৃত জাল নোটসহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :