• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 


প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ৭:৩২ অপরাহ্ন / ৬৫
মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১টায় সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ব্যবসায়ী রায়হান মানিকের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী রায়হান মানিক জায়গা-জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে জানান। তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনো সত্যতা নেই। দিলদার, তার বোন, চাক্কু মিলন ও চমক পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে তারা বিএনপির কিছু লোকের ছত্রছায়ায় এলাকায় পুনরায় মাদক ব্যবসা চালু করার চেষ্টা করছে। তারা সবাই ঠিকারমদার নিজামের মামলার আসামি। আমি তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।

তিনি আরও বলেন, তার সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

এ সময় স্থানীয় ঠিকাদার নিজাম মন্ডল (৩৪) বলেন, গত ৫ মার্চ দিলদার, চাক্কু মিলন ও চমকসহ কয়েকজন ব্যক্তি তার নতুনগাঁ প্রকল্প এলাকায় গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

নিজাম মন্ডল আরও জানান, ৮ মার্চ তিনি তার স্ত্রীকে শহরের ইসলামপুরে বাসায় নামিয়ে দিয়ে নয়াগাঁও এলাকায় ফেরার পথে অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে তার পথরোধ করে। পরে তার মোটরসাইকেল থামিয়ে হাতে ও মাথায় আঘাত করে গুরুতর জখম করে। একই সঙ্গে তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তোলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।