• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিএনপির মনোনয়ন জমা


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন / ১৬৯
মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিএনপির মনোনয়ন জমা

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরা-১ আসন থেকে মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভাইস চেয়ারম্যান সিনিয়ার অ্যাডভোকেট (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) নিতাই রায় চৌধুরী রিটার্নিং কর্মকর্তার কাছে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মাগুরা জেলা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মনোনয়ন জমা কার্যক্রমে অংশ নেন। জেলা ও উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মনোনয়নপত্র জমা উপলক্ষে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক বর্ষীয়ান রাজনীতিবিদ আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক শাহেদ হাসান টগর,যুগ্ম আহবার মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহবায় হাসান ইমাম খান সুজা, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান সহ জেলা বিএনপির শীর্ষ ও তৃণমূল নেতৃবৃন্দ।

এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা- ১ (মাগুরা সদর–শ্রীপুর ) আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে সোমবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মুহিদ- এর কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. সাহেদ হাসান টগর, আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাবলু, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও মাসুদ মজুমদার প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে ধারণা দেন এবং পরবর্তীতে এ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানান।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাগুরা বিএনপির এই ঐক্য আরও অনেক আগেই হওয়া উচিত ছিল। রাজনৈতিক মহলের অনেকের অভিমত—দীর্ঘ সময় ধরে বিভক্তির রাজনীতি মাগুরা বিএনপিকে দুর্বল করে রেখেছিল। এ বিষয়ে বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মনোয়ার হোসেন খান যদি আগে থেকেই আলি আহমেদ সাহেবের কাছে আসতেন, তাহলে মাগুরায় এই ধরনের বিভাজন সৃষ্টি হতো না। যাই হোক, দেরিতে হলেও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে আজ মাগুরা বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে—এটা নিঃসন্দেহে বড় অর্জন।” মনোনয়ন জমা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে সামনে রেখে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন, ঐক্যবদ্ধ বিএনপি আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে মাগুরায় শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে।