• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৪:১৬ অপরাহ্ন / ৪১
মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

হাসপাতাল পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরোসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা।

পরিদর্শন শেষে মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে আমরা ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। বর্তমানে হাসপাতালে জনবলের কিছুটা সংকট থাকায় কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে, যাতে আগামীতে সেবার মান আরও উন্নত হয়।

মাগুরা মেডিকেল কলেজ প্রসঙ্গে সংসদ সদস্য আরও জানান, মেডিকেল কলেজের জন্য স্থায়ী জায়গা নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। একটি উপযুক্ত ও সুবিধাজনক জায়গা পাওয়া গেলেই দ্রুততম সময়ের মধ্যে মাগুরা মেডিকেল কলেজের নির্মাণ কাজ শুরু করা হবে।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের প্রতি আন্তরিক হওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।