• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

মাগুরায় আনসার সদস্য কর্তৃক পাসপোর্ট অফিসে রোহিঙ্গা নাগরিক আটক


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন / ৯৫
মাগুরায় আনসার সদস্য কর্তৃক পাসপোর্ট অফিসে রোহিঙ্গা নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা এক ব্যক্তির আচরণ দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত সদস্যদের নজরে সন্দেহজনক বলে প্রতীয়মান হয়। তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উক্ত ব্যক্তি নিজেকে রোহিঙ্গা নাগরিক মোঃ রিয়াজ (৩১) হিসেবে স্বীকার করেন। তিনি অসাধু উপায়ে বাংলাদেশি পরিচয় গ্রহণ করে অবৈধভাবে পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছিলেন।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দালালচক্রের সহায়তায় তিনি মাগুরা পাসপোর্ট অফিসে পৌঁছান। দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য মোঃ রিপন আলী, মোঃ ইলিয়াস হোসেন ও মোঃ বানাত আলী অত্যন্ত সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে তার কথাবার্তা এবং জমাকৃত কাগজপত্র গভীরভাবে যাচাই করেন। কাগজপত্রের অসামঞ্জস্যগুলো স্পষ্ট হওয়ায় তাঁরা কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না করে অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যক্তিটিকে আটক করেন।

পরবর্তীতে আনসার সদস্যরা বিষয়টি তাৎক্ষণিকভাবে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষকে অবগত করেন এবং নির্দেশনা মোতাবেক আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার জন্য পাসপোর্ট কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন।

বর্তমানে আটক রোহিঙ্গা নাগরিককে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।