

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে দিনদুপুরে আয়শা খানম (৪৫) নামে এক আদ্-দ্বীন এনজিও কর্মীর কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় শ্রীপুর উপজেলার কল্যাণপুর এলাকায় এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদ্-দ্বীন এনজিওর কর্মী আয়শা খানম রাজারপুর গ্রাম থেকে ঋণের কিস্তির টাকা কালেকশন শেষ করে শ্রীপুর অফিসে ফিরছিলেন। তিনি সাচিলাপুর বাজার থেকে একটি ভ্যান ভাড়া করে রওনা হন। পথিমধ্যে কল্যাণপুর গোরস্থানের পাশে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই হেলমেটধারী ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। মুহূর্তের মধ্যে তারা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
জনাকীর্ণ এলাকায় দিনের বেলায় এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এ সময় ব্যাগটি রক্ষা করার চেষ্টা করলে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে আয়শা খানম চলন্ত ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভ্যানচালক মোহাম্মদ নাজিরুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, পিছন থেকে মোটরসাইকেলে আসা দুজন লোক হঠাৎ আপার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আপা ব্যাগটি শক্ত করে ধরে রাখলে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি ভ্যান থেকে নিচে পড়ে যান এবং ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
আদ্-দ্বীন এনজিওর মাগুরা রিজোনাল ম্যানেজার মো. আবুল কালাম আজাদ জানান, টাকা কালেকশন করে অফিসে ফেরার পথেই এই ঘটনা ঘটেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়েছে।
শ্রীপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :