• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল বাদশা মোড়ল নিহত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৯:৩০ অপরাহ্ন / ৫১
মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল বাদশা মোড়ল নিহত

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাদশা মোড়ল নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরের দিকে নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মোড়ল সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শনিবার দুপুরের দিকে মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও ওষুধ নিয়ে মোটরসাইকেলে করে ক্যাম্পে ফেরছিলেন বাদশা মোড়ল। পথে নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কনস্টেবল বাদশা মোড়ল।

স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহত পুলিশ সদস্যের মরদেহ তার নিজ গ্রাম সাতক্ষীরার আইলিয়ায় নিয়ে যাওয়া হবে। তবে এ ঘটনায় ঘাতক চালক ও ট্রাকটিকে আটক করা যায়নি।