

তরিকুল ইসলাম, ঢাকাঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে দুপুর ২টার দিকে শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে জড়ো হতে থাকেন হাজারো মানুষ।
দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন। ভিড় সামাল দিতে প্রতিটি প্রবেশপথে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট দিয়ে ছাত্র-জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করছেন।
রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে জানাজায় অংশ নিতে ছুটে এসেছিলেন মানুষ। যে যেভাবে পেরেছেন, সময়ের আগেই পৌঁছানোর চেষ্টা করছেন সবাই। সাধারণ মানুষ বলছেন, এই জানাজা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণজমায়েত।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আপনার মতামত লিখুন :