• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

বিআরটিসি ট্রেড ইউনিয়ন বি-৮৫৩ কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, শ্রমিকদের মধ্যে উত্তেজনা


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন / ৬৩
বিআরটিসি ট্রেড ইউনিয়ন বি-৮৫৩ কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, শ্রমিকদের মধ্যে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) শ্রমিক-কর্মচারী ট্রেড ইউনিয়ন বি-৮৫৩ এর কমিটি গঠনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। শ্রমিকদের একটি অংশ দাবি করছে, তাদের ভোটাধিকার খর্ব করে অবৈধভাবে একটি কমিটি গঠনের পাঁয়তারা চলছে, যা দীর্ঘদিনের অনিয়মেরই ধারাবাহিকতা।

অভিযোগে বলা হয়, ২০০৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত শ্রমিক-কর্মচারী ইউনিয়ন বি-৮৫৩–এর সকল কার্যক্রম আদালতের নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকলেও একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে নিয়ম বহির্ভূতভাবে একাধিকবার কমিটি গঠন করেছে। বিএনপিপন্থি শ্রমিক দলের নিবেদিত কর্মীদের বাদ দিয়ে কুক্ষিগত কমিটি গড়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

শ্রমিকদের পক্ষ থেকে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি ‘সিলেকশন কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হলে শ্রমিকদের তীব্র প্রতিবাদের মুখে ২০২৫ সালের ৩১ আগস্ট একটি তথাকথিত নির্বাচন আয়োজনের তফসিল ঘোষণা করা হয়। তবে এই তফসিল ঘোষণার মাঝেও চরম অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের কিছু অংশঃ বিআরটিসিতে প্রায় ৫,০০০ শ্রমিক-কর্মচারী থাকা সত্ত্বেও মাত্র ১,৮৭৯ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে কর্মস্থল থেকে ২০০-৩০০ কিলোমিটার দূরে, যা সাধারণ শ্রমিকদের পক্ষে পৌঁছানো প্রায় অসম্ভব। নির্বাচন কমিশনের এক সদস্য হজে অবস্থানকালে তার স্বাক্ষর জাল করে কমিশনের চেয়ারম্যান মো: আবুল খায়ের খাজা তফসিল ঘোষণা করেন বলেও অভিযোগ উঠেছে। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে জানানো হলেও তারা দাবি করেন, কমিশন চেয়ারম্যান বিভিন্ন প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে একতরফাভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভোটার তালিকা হালনাগাদের দাবিতে শ্রমিকরা আদালতে মামলা করলে মহামান্য আদালত নতুন ও সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন না হওয়া পর্যন্ত ইউনিয়নের সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, একটি কুচক্রী মহল আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে কমিটি গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে, যা যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শ্রমিকরা বিআরটিসি কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট প্রশাসনের নিকট নিরপেক্ষ তদন্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব হয়।

তবে এ বিষয়ে নির্বাচন কমিশন চেয়ারম্যান মো: আবুল খায়ের খাজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।