• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন খুলনার সন্তান মুস্তাকুর রহমান


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১১:২৯ অপরাহ্ন / ৫২
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন খুলনার সন্তান মুস্তাকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের কৃতি সন্তান মুস্তাকুর রহমান দেশের সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তাঁর এই নিয়োগ শুধু খুলনা নয়, সমগ্র দেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘ পেশাগত জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা, ট্রেজারি কার্যক্রম, মানি লন্ডারিং প্রতিরোধ এবং আর্থিক গোয়েন্দা ইউনিটে (BFIU) দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন।

১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদানের পর ধাপে ধাপে তিনি নিজের মেধা, পরিশ্রম ও নেতৃত্বগুণের মাধ্যমে শীর্ষ পদে অধিষ্ঠিত হন। ব্যাংকিং খাতের নীতি প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁর অভিজ্ঞতা বিশেষভাবে উল্লেখযোগ্য।

অর্থনীতি বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনাই হবে তাঁর সামনে প্রধান দায়িত্ব। তাঁর অভিজ্ঞ নেতৃত্ব দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, দিঘলিয়া উপজেলা সহ সমগ্র খুলনা অঞ্চলে বইছে আনন্দের জোয়ার। স্থানীয় বাসিন্দারা এটিকে গর্বের অর্জন হিসেবে দেখছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে।

স্থানীয়দের ভাষ্য, প্রত্যন্ত গ্রামের একজন সন্তান দেশের কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ পদে দায়িত্ব গ্রহণ করায় খুলনার ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। তরুণ প্রজন্মের জন্য এটি অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত-যা প্রমাণ করে অধ্যবসায়, সততা ও দক্ষতা থাকলে যেকোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব।

সব মিলিয়ে মুস্তাকুর রহমানের এই নিয়োগ দেশের অর্থনীতির জন্য যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি খুলনা অঞ্চলের মানুষের জন্য গর্ব ও আনন্দের এক ঐতিহাসিক অধ্যায়।