• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ফরিদপুরের বোয়ালমারীতে ভুয়া ভ্যাট কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন / ৯২
ফরিদপুরের বোয়ালমারীতে ভুয়া ভ্যাট কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুরঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভুয়া ভ্যাট অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে বোয়ালমারী ডাকবাংলো রোড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আদর্শ প্রেসসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভ্যাট পরিশোধের কথা বলে টাকা দাবি করেন। আদর্শ প্রেসের মালিক আমিনুল ইসলাম আমিন বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করে ভ্যাট অফিসে যোগাযোগ করলে সেখান থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তিকে তারা চেনেন না এবং তিনি ভ্যাট অফিসের কোনো কর্মকর্তা নন।

অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ। অভিযুক্ত স্বপন ঘোষ (৪৮), পিতা সমরেন্দ্র নাথ ঘোষ, বাড়ি কুষ্টিয়ার আমলাপাড়া এলাকায়। তিনি বোয়ালমারীতে বেশ কয়েকজন দোকানদারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত হন।

ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে সতর্কতা জোরদার করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।