

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুরঃ দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে আবারও চালু হয়েছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট অংশের লঞ্চ চলাচল। আজ সকাল থেকে ঘাটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামীকাল শুক্রবার সকাল থেকে গোপালপুর ঘাটের নির্ধারিত স্থান থেকে স্পিডবোট চলাচলও শুরু হবে। এতে করে নদীপথে যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ঘাটে নাব্যতা সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। এই সময়ে যাত্রীদের ভোগান্তি এড়াতে অস্থায়ীভাবে উপজেলার বালিয়াডাঙ্গী বেরিবাঁধ এর শেষ মাথা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল করানো হয়।
স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীরা জানান, মূল ঘাট থেকে সরাসরি লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হওয়ায় সময় ও খরচ দুটোই কমবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :