

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে সংবাদ সম্মেলন করার কয়েক ঘণ্টা পরেই প্রতিপক্ষের নৃশংস হামলায় নাহিদা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মোঃ মহিবুল্লাহ শেখ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামে বর্বরোচিত এ হামলার ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের মৃত শরিফুল ইসলাম শেখের পুত্র মোঃ মহিবুল্লাহ শেখের সাথে একই গ্রামের আব্দুল কাদের ও তার ছেলে আব্দুল আলীর পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিলো। ভুক্তভোগী পরিবারের দাবি, বিআরএস ৭২১ খতিয়ানের ৪৩৩.১২ শতাংশ জমি দখলের পাঁয়তারা করছিলেন আব্দুল কাদের ও তার সহযোগীরা।
এরই প্রতিবাদে গত শনিবার (৩১ জানুয়ারি) টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোঃ মহিবুল্লাহ শেখ। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযোগ করেন যে, প্রতিপক্ষরা তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ বিষয়ে ভুক্তভোগী মহিবুল্লাহ টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগও করেছিলেন।
সংবাদ সম্মেলন করার বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষের আব্দুল কাদের ও তার ছেলেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহর বাড়িতে প্রতিপক্ষের আব্দুল কাদের ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে মহিবুল্লাহ ও তার বিধবা মা নাহিদা বেগমকে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা করে নাহিদা বেগমকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্তে পূর্ববিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সংবাদ সম্মেলনের পর উত্তেজনা বৃদ্ধি পায়, যা এই নৃশংস হামলায় রূপ নেয়।
টুঙ্গিপাড়া থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুল কাদের ও তার ছেলেরা এলাকা ছেড়ে পালিয়েছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :