

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা ছাত্রদল ও ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের বিরুদ্ধে বেশ কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় মিথ্যা, ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রকাশের জেরে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রদল।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলা ছাত্রদল ও জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন কোনো ধরনের চাঁদাবাজীর সাথে জড়িত নয়।
জেলা ছাত্রদল এবং জেলা ছাত্রদলের সভাপতির প্রতি ঈর্ষান্বিত হয়ে এবং তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে একটি বিশেষ চক্র উঠে পড়ে লেগেছে। বিশেষ করে গত ৫ আগস্টের পরাজিত শক্তির মদদে এ ধরনের মিথ্যা অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রচার করা হচ্ছে। গোপালগঞ্জ জেলা ছাত্রদল মনে করে কোনো প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার ও প্রকাশ করা উচিত নয়।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক তাসবীর হাসান, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী, পৌর ছাত্রদলের সভাপতি বাবু, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান লিওন সহ ছাত্র দলের অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :