

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ কে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসকের দিকনির্দেশনায় সমগ্র জেলাব্যাপী ভ্রাম্যমান আদালত পৃথক পৃথক অভিযান পরিচালনা করেছে।
বুধবার (১৮ মার্চ) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পুলিশ লাইনে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ১টি মামলায় ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া এ সময় অত্র এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং গোপালগঞ্জ ফিলিং স্টেশন, শরীফ নুরজাহান ফিলিং স্টেশন ও দোলা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ তদারকি করা হয়।
পরবর্তীতে গোপালগঞ্জ সদরের উত্তর গোবরা পূর্বপাড়ায় (নীলামাঠের পাশে) একটি আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার প্রভৃতি অপরাধ আমলে গ্রহণপূর্বক উক্ত ধারায় ০১ মামলায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লার নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :