• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

গোপালগঞ্জে বিভিন্ন ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক-১


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন / ৫৭
গোপালগঞ্জে বিভিন্ন ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক-১

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে কেন্দ্র করে গোপালগঞ্জে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মাঝে আতঙ্ক ও নির্বাচনী পরিবেশ নষ্ট করতে দুর্বৃত্তদের এই ককটের বিস্ফোরণ বলে ধারণা করছেন অনেকে।

ককটেল বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে জিসান মোল্লা (২৪) নামের একজনকে আটক করেছে যৌথবাহিনী। নাম: জিসান মোল্লা(২৪), সে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী পূর্বপাড়া গ্রামের খালেদ মোল্লার ছেলে বলে জানা গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে একের পর এক এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ জেলা সদরের পৌরসভার নিলার মাঠ এলাকার ১১৬ শহীদ মাহাবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়, মাঝিগাতি বাজার, দূর্গাপুর হাইস্কুল কেন্দ্র, এস এম মডেল সরকারি স্কুল, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মান্দারতলা বিশ্বরোডে, ঘোষেরচর বোর্ড স্কুল ভোট কেন্দ্র, পাওয়ার হাউজের মোড়, ডালনিয়া উচ্চ বিদ্যালয়, শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ও সিঙ্গা মলবাড়ি প্রাইমারি বিদ্যালয় ভোট কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এই বিস্ফোরণে বিকট শব্দ হয়, যা শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এই ঘটনার পর কেউ হতাহত হননি। বিস্ফোরণের পর থেকে পুরো শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ড্রোন মনিটরিং এবং ডগস্কোয়াড-এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্ক অবস্থায় রয়েছে যৌথবাহিনী।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হচ্ছে।

তিনি আরো জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।

এর আগে শহরে ৫টি সরকারি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরমধ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সামনের সড়কে, জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে, গোপালগঞ্জের বেদগ্রাম আনসার ক্যাম্পের সামনে ও গোপালগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা।