

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ -এর সাথে গণমাধ্যমকর্মীদের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত প্রেস কনফারেন্সে ঢাকা বিভাগীয় কমিশনার গণমাধ্যমকর্মীদের বলেন, গোপালগঞ্জে স্থানীয় পৌর পার্কে গত ১৬ জুলাই অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় চলমান কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে তবে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কারফিউ ৩ ঘন্টার জন্য শিথিল থাকবে। গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস কনফারেন্সে অংশ নেওয়ার আগে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিশেষ সভায় অংশ নেন। প্রেসকনফারেন্সে গণমাধ্যমকর্মীদেরকে তিনি সংঘর্ষের এ ঘটনায় জড়িত সকল দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বহিরাগত দুষ্কৃতিকারীরা এখানে অবস্থান করছে, তাদেরকে গ্রেফতার করাই মূল লক্ষ্য। তবে গোপালগঞ্জের মানুষ খুবই শান্তিপ্রিয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা দুষ্কৃতিকারীদের ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। কনফারেন্সে উপস্থিত ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এ ঘটনায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং চিহ্নিত দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান। সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ প্রায় শতাধিক আহত হয়েছেন বলেও জানান ডিআইজি। সংঘর্ষে নিহতদের পক্ষে কোন আইনি সহায়তা দেওয়া হবে কিনা জানতে চাইলে বিভাগীয় কমিশনার ও ডিআইজি জানান তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন ও ফিন্যান্স) মোহাম্মদ আবদুল মাবুদ, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ মোস্তাফিজুর রহমান, গোপালগঞ্জের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান, সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী সহ রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :