

খুলনা অফিসঃ খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দিবালোকে গুলিতে দুই যুবক নিহত হওয়ার ঘটনা নড়েচড়ে বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ।
রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আদালত চত্বরের প্রধান ফটকের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন—নতুন বাজার এলাকার হাসিব ও বাগমারা এলাকার রাজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আদালত এলাকায় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আদালতে হাজিরা দেওয়ার পর মোটরসাইকেলে বের হওয়ার মুহূর্তে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন, পরে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার পর আদালতপাড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ পথচারী ও আদালতে আসা মানুষজন নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে বলেন—কীভাবে হাজিরা দেব ,কোনো নিরাপত্তা নেই মানুষের। একের পর এক খুন-হামলা বেড়েই চলছে খুলনা নগরীতে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত. ম. রোকনুজ্জামান দুইজন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, আদালতের সামনে গুলিবর্ষণ ও হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।
সহকারী কমিশনার শিহাব করীম বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। নিহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে এলাকাটি ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ শুরু করে। নিহতদের হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।
ঘটনার পর আদালতপাড়া ও সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় নগরবাসীর মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং বিচার বিভাগের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের গ্রেপ্তার ও ঘটনাটির পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটনে একটি বিশেষ টিম কাজ শুরু করেছে।
আপনার মতামত লিখুন :