• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন

খুলনায় ভোজ্য তেলের বাজারে অস্থিরতা : সিন্ডিকেটের অভিযোগে কৃত্রিম সংকট


প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন / ৯২
খুলনায় ভোজ্য তেলের বাজারে অস্থিরতা : সিন্ডিকেটের অভিযোগে কৃত্রিম সংকট

মোঃ রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ ঈদুল ফিতরের পর থেকে খুলনার ভোজ্য তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। বাজারে পর্যাপ্ত মজুত থাকার পরও সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগ উঠেছে চারটি শীর্ষ কোম্পানির বিরুদ্ধে। এতে করে সয়াবিন তেলের বোতল বাজার থেকে প্রায় উধাও হয়ে যাচ্ছে এবং দামও বেড়েছে অস্বাভাবিকভাবে।

অভিযোগ রয়েছে, রূপচাঁদা, ফ্রেশ, বসুন্ধরা ও তীর—এই চারটি কোম্পানির একটি সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। সরবরাহ কমিয়ে তারা বাজারে সংকট তৈরি করছে বলে দাবি ব্যবসায়ীদের। এ পরিস্থিতিতে ক্রেতাদের চাপে পড়তে হচ্ছে এবং বিকল্প হিসেবে নন-ব্র্যান্ড তেলের দিকে ঝুঁকছেন অনেকেই।
খুলনার বড় বাজার ঘুরে দেখা গেছে, খোলা সয়াবিন তেল কেজি প্রতি ২০৩ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেলের দামও বেড়েছে।

বর্তমানে ১ লিটারের বোতল বিক্রি হচ্ছে ২০৫ টাকায়, ২ লিটার ৪০৫ টাকা, ৩ লিটার ৬১০ টাকা এবং ৫ লিটার ৯৫৫ থেকে ৯৮০ টাকায়। অথচ ঈদের আগে এসব তেলের দাম তুলনামূলক কম ছিল।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে ইরান ও আমেরিকার সম্ভাব্য সংঘাতের কথা বলে দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বড় বাজারের ‘মা মনষা ভান্ডার’-এর ব্যবসায়ী মৃন্ময় বণিক জানান, তিনি তীর কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি। ঈদের পর থেকে কোম্পানি তার চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না। প্রতিদিন ২০০ কার্টুন চাহিদার বিপরীতে তিনি পাচ্ছেন মাত্র ১০০ কার্টুন। এমনকি অগ্রিম টাকা নেওয়ার পরও সরবরাহ আটকে রাখা হয়েছে।

তিনি বলেন, কোম্পানির পক্ষ থেকে কাঁচামালের সংকটের কথা বলা হচ্ছে। কিন্তু বাস্তবে বাজারে চাহিদা থাকলেও সরবরাহ কমিয়ে রাখা হয়েছে। ফলে বাধ্য হয়ে আমরা নন-ব্র্যান্ডের তেল বিক্রি করছি।

এদিকে সাধারণ ক্রেতারা বলছেন, বাজারে তেলের দাম বাড়ায় তাদের দৈনন্দিন খরচ বেড়ে গেছে। দ্রুত বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বিশ্লেষকরা মনে করছেন, বাজার মনিটরিং জোরদার এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা না হলে এই সংকট আরও গভীর হতে পারে।