• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

খুলনায় এনসিপির শ্রমিক নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ


প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন / ১৩০
খুলনায় এনসিপির শ্রমিক নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ শ্রমিক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ ওই নেতার নাম মোতালেব শিকদার। তিনি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং দলটির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। তিনি নগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি জানান, প্রকাশ্যে মোতালেব শিকদারের ওপর গুলি চালানো হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে, সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গুলিতে মোতালেব নামের এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে জানা গেছে, তার কানের পাশে গুলি লেগেছে। পরে উন্নত চিকিৎসা ও মাথার সিটি স্ক্যান করানোর জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।