

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ রক্তস্নাত ঐতিহাসিক ২১’শে ফেব্রুয়ারি আজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পলাশ-শিমুল ফোটার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেইসব বীর সন্তানদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এই দিনে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। বাঙালির প্রাণের এই দিনে আজ সবার কণ্ঠে ধ্বনিত হচ্ছে সেই কালজয়ী গান–
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” আমি কি ভুলিতে পারি? বায়ান্নর সেই উত্তাল দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে নেমে আসা ছাত্রদের ওপর তৎকালীন পুলিশের নির্মম গুলিবর্ষণের মধ্য দিয়ে রচিত হয়েছিল এক অনন্য ইতিহাস। আজ সেই গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ নাম না জানা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মায়ের ভাষা। এই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে জাতিসংঘ দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে, যা আজ সারা বিশ্বে পালন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে খুলনার পাইকগাছা উপজেলার পাইকগাছা কেন্দ্রীয় মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভাষা শহীদদের আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্তও করেন বক্তারা।
এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আপনার মতামত লিখুন :