

খুলনা অফিসঃ খুলনার খালিশপুরে সোনা মিয়া নামে এক চা দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে খালিশপুর থানার নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোনা মিয়া স্থানীয়ভাবে তাঁতিদলের খালিশপুর এলাকার নেতা হিসেবেও পরিচিত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে আসা তিন যুবক অতর্কিতভাবে সোনা মিয়ার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোনা মিয়াকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিক টিম গঠন করে অভিযান শুরু করেছে।
আপনার মতামত লিখুন :