

নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা জেলা কমিটির সদস্য সচিব ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পি বলেছেন, মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে।
তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে সুবিধাবঞ্চিত কয়রার ক্রীড়া প্রেমীদের জন্য উপজেলা সদরে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেব।” তরুণ প্রজন্ম যেন অবসর সময়ে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনে যুক্ত হতে পারে— এ লক্ষ্যেই তিনি এ প্রতিশ্রুতি দেন।
গত ৭ নভেম্বর (শুক্রবার) বিকেলে কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে উপজেলা কাঁকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাড. আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেলটু ও আবু সাঈদ বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, সদস্য সচিব মো. মোহতাসিম বিল্লাহ প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কাঁকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও যুবদল নেতা আহাদুর রহমান লিটন এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন মোল্লা আইয়ুব হোসেন, শহিদুল ইসলাম শহিদ, মাহমুদ আলম লোটাস, মাসুম বিল্লাহ, রুবেল মীর, জিএম রাসেল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ক্রীড়াপ্রেমী।
এর আগে বেলা ১০টায় মনিরুল হাসান বাপ্পি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। বেলা ১১টায় তিনি কয়রা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
আপনার মতামত লিখুন :