• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন / ৭০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ জেলা তথ্য অফিস, গোপালগঞ্জের আয়োজনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফ্রেব্রুয়ারি) জেলা তথ্য অফিস কার্যালয়ের সামনে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান। এ সময় তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাকযোগে সংগীতানুষ্ঠান উদ্বোধনকালে জেলা তথ্য অফিসার বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচন ও গণভোট -এর বিষয়ে ভোটারদের সচেতন করতে ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান একটি কার্যকর উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হবে। শিল্পীরা তাদের সংগীতের মাধ্যমে ভোট দেওয়া, গণভোটে অংশগ্রহণ এবং নির্বাচন কমিশনের আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করবেন।

পরে দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমাণ ট্রাকটি গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শিল্পীরা সংগীত পরিবেশনের মাধ্যমে জনগণকে সচেতন করার প্রয়াস চালান।

গানে গানে এবং বিভিন্ন কথামালায় জমে উঠে ভ্রাম্যমাণ ট্রাকের সংগীত আসর। গানের মূর্ছনায় আশ-পাশ থেকে জড়ো হয় অসংখ্য দর্শক শ্রোতা। দর্শকদের মধ্যে আগ্রহের কোনো কমতি ছিলো না। এ ধরণের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশ নিতে পেরে সকলেই ছিলো উচ্ছ্বসিত।