• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


প্রকাশের সময় : জুন ২৩, ২০২১, ৬:৫২ অপরাহ্ন / ২৪১
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা অফিসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

জাতির পিতার প্রতিকৃতির বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালির মুক্তি এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ঢাকার রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩-২৪ জুন এক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। কারাবন্দি অবস্থায় তরুণ ছাত্রনেতা শেখ মুজিব নবগঠিত সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি দলটির হাল ধরেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেন। প্রতিষ্ঠার পর থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ে দেশের সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এই সংগঠন।